বড়লেখায় বিএনপির কাউন্সিল ১৬ আগস্ট
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৯:১৫:৫৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সফলের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আহ্বায়ক কমিটি। সোমবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় আগামী ১৬ আগস্ট কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন। দলের কোনো পর্যায়ের কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী কোনো নেতাকর্মী যেন স্থান না পায়- এ বিষয়ে স্থানীয় নেতাদের কঠোরভাবে সতর্ক থাকতে তিনি নির্দেশনা দিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী এবং যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খয়রুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ। সভায় এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাল উদ্দিন, অধ্যাপক আব্দুস সহিদ খান, জাহিদুল ইসলাম মামুন, আনোয়ার উদ্দিন, এডভোকেট আবু নছর মোহাম্মদ মাসহুদ, ফখরুল ইসলাম সুনু মিয়া, আব্দুল কুদ্দুছ স্বপন, সাইফুল ইসলাম, মঈন উদ্দিন, আব্দুল গণী, জামিল আহমদ প্রমুখ।
কাউন্সিলকে ঘিরে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৭১০ জন কাউন্সিলরের তালিকা প্রস্তুত করা হয়েছে। কাউন্সিল পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট আসুক উদ্দিন আহমদ। ঘোষিত সময়সূচি অনুযায়ী ৭ আগস্ট সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। ৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৯ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ।






