চেলানদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৭:৪৩:২৫ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে স্থানীয় ৮ গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় সোনালী চেলা বারকি শ্রমিক সমবায় সমিতির ব্যানারে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে চেলা নদীর খেয়াঘাট এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, নরসিংপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাফিজুল ইসলাম জুয়েল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নেতা রফিকুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তেরাব আলী, যুব ফোরামের ইউনিয়ন সভাপতি আবিদ রনি, মহিলা ইউপি সদস্য আফরুজা খানম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ধন মিয়া, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ও রহিমের পাড়া গ্রামের ফয়েজ উদ্দিন আহমদ, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চেলা নদীতে ইজারার নিয়ম-নীতির বহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে স্থানীয় একটি চক্র ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। যতই দিন যাচ্ছে তাদের ড্রেজার মেশিন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নদীর নিকটবর্তী গ্রামগুলোতে ভাঙনও তীব্র হচ্ছে। ইতোমধ্যে চলতি বছরে নিয়মবহির্ভূতভাবে চেলা নদীতে বালু উত্তোলনের ফলে সারপিনপাড়া গ্রাম ও পূর্বচাইরগাঁও গ্রামের শতাধিক বসতঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অবৈধ। উপজেলা প্রশাসন এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। চেলা নদীতে ড্রেজার মেশিন বন্ধে স্থানীয়রা যে প্রতিরোধ গড়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়। এতে প্রশাসনের কাজ করতে আরও সহযোগিতা হবে।






