সুনামগঞ্জে সেই বাসচালকের দুই দিনের রিমান্ড
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৭:১৬:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ চারজন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত বাস চালক জাকির আলমের (৩৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৭), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৭)সহ ৪ জন। দুর্ঘটনার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সিলেট থেকে জাকির আলমকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার বাদী হাইওয়ে থানার এসআই নাজমুল হক জানান, বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় বাস চালকের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।






