এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায়
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ৮:১৯:০৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় এসেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীগণ।
মালয়েশিয়ায় পৌঁছেই আহবায়ক পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তাঁর সফর কার্যক্রম শুরু করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
আহবায়ক নাহিদ তাঁর এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স চ্যাপ্টার মালয়েশিয়া।






