কোথাও দীর্ঘ সারি, কোথাও ফাঁকা!
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ সম্পন্ন হলেও নগরীর কেন্দ্রগুলোতে ছিল ভিন্ন দৃশ্যপট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সবকটি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এতে অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও কিছু কিছু কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। কোথাও আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। তবে সিলেটে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার সকালে নগরীর শামীমাবাদস্থ পিডিবি হাইস্কুল, মধুশহীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আনন্দ নিকেতন, আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা কেন্দ্র-২ কেন্দ্র, শাহজালাল জামেয়া ইসলামিয়াসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। প্রায় সাড়ে তিনঘণ্টা পার হলেও এসব কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে বেশ কিছু কেন্দ্রে ভোটারের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, সকালে ভোট শুরুর পর থেকে সকাল ৯টা পর্যন্ত নগরের সারদা হল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের দীর্ঘ লাইন। পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতিই বেশি দেখা গেছে। নগরীর আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৬৭ জন। সকাল ১১টা পর্যন্ত কাস্ট হয়েছে মাত্র ৪১০টি। আনন্দ নিকেতন ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ৩ হাজার ৭৩৬ জন ভোটারের এ কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ৩৫০ জন।
আলিয়া মাদ্রাসা কেন্দ্র- প্রিজাইডিং কর্মকর্তা অবনিষ দাস জানান, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২২ জন। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ১০৮ জন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্র-৩ (মহিলা) মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬ শত ৭০ জন। এ কেন্দ্রে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ভোট জমা পড়েছে ৬১০টি।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্র-১ এর প্রিসাইডিং অফিসার পঙ্কজ মল্লিক বলেন, ‘২ হাজার ৯২ জন ভোটারের এ কেন্দ্রে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত কাস্ট হয়েছে ১৯৮টি ভোট।’ আম্বরখানা প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে, ২ হাজার ৫০৬ জন ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৪৮৫ জন। কেন্দ্রটিতে প্রথম ১ ঘণ্টা প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে। প্রিজাইডিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোটাররা বিভ্রান্ত। কারণ গণভোট হওয়ায় কিছুটা ধীরগতিতে চলছে ভোটদান।
সকাল সাড়ে ৯টায় নগরীর সারদা হলে ভোটাধিকার প্রয়োগ শেষে খন্দকার মুক্তাদির বলেন, এখনো অনেকে বাসা-বাড়ি থেকে বের হননি। তবে নারী ভোটারের উপস্থিতি ভালো রয়েছে। কিন্তু ধীর গতিতে নারীরা ভোট দিচ্ছেন। এছাড়া নারীদের ভোট দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে। কারণ নারীদের বাসা-বাড়িতে অনেক কাজ আছে।
সকাল ৯টায় নগরীর শিবগঞ্জ স্কলার্সহোম কেন্দ্রে ভোট দেন সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। ভোট দেওয়ার পর তারা দুজনই এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।





