কমলগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৬:৪৩:২২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শনিবার দিবাগত মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা প্রশাসন জানায়, রাত সোয়া ১২টার দিকে উপজেলার চিৎলীয়া এলাকায় অবস্থিত “হিরণ এন্টারপ্রাইজ” নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ১ হাজার ৬শ লিটার (৮ ড্রাম) ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জেলা প্রশাসন আরো জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





