দোয়ারায় আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভা
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৬, ৯:৩৬:০১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে একটি অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, সমাজসেবক খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের সাথে জড়িত থাকলে দলীয় নেতাকর্মী হলেও কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।





