বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৮:২৩:১৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ আনা পিটারসন এবং মি. হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন। আলোচনায় বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন দিক উঠে আসে।
উভয় পক্ষ একমত হন যে, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না। ঘোষিত জাতীয় বাজেট ও বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় হয়।
এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, এমপি এবং মারদিয়া মমতাজ, এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।




