সিলেট বিভাগে শূণ্য ১৩৮ এএসআই পদ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৯:৩৪:৩২ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে জেলাভিত্তিক বিভাজিত নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, সারাদেশে মোট দুই হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ১৪ জুন ২০২৬ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট বিভাগে মোট ১৩৮টি শূন্য পদ রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৮টি, হবিগঞ্জে ২৯টি, মৌলভীবাজারে ২৭টি এবং সুনামগঞ্জে ৩৪টি পদে নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পদের ৯৩ শতাংশে মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
কোটা ব্যবস্থার মধ্যে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে।
পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।





