ছাতকে ভারতীয় নাসির’ বিড়ি জব্দ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ১০:০১:৫৪ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ২৬ হাজার শলাকা বিড়ি জব্দ করা হলেও অভিযুক্ত দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাতক থানার পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে নোয়ারাই ইউনিয়নের আছাদনগর বেতুরা মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ দেখতে পায়, একটি নৌকা থেকে কয়েকটি কার্টন নামাচ্ছেন দুই ব্যক্তি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এসআই মো. সাদেক ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলেও অভিযুক্তরা স্থানীয় এলাকার ভেতরের রাস্তা ব্যবহার করে দক্ষিণ দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তদের ফেলে যাওয়া ছয়টি কার্টন তল্লাশি করা হয়। তল্লাশির সময় কার্টনগুলোর ভেতর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের মোট ১ লাখ ২৬ হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া বিড়িগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত নিষিদ্ধ বিড়ি থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত দুই পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিভিন্স্ অভিযান পরিচালনা করা হচ্ছে।




