শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ১২:০১:৩৯ অপরাহ্ন
সম্প্রতি মিডিয়ায় বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন প্রকাশ করেছে। ‘এআই প্রজন্মের শিক্ষার্থীরাঃ উদ্যোগী শিক্ষার্থী, যারা বাধা অতিক্রম করতে আত্মবিশ^াসী’ শীর্ষক এই প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য। এতে বলা হয়েছে, এআই মানুষের শেখার ক্ষমতাকে প্রতিস্থাপন করে না। শিক্ষার্থীদের এখনও তথ্য বাছাই করতে উপাত্ত যাচাই করতে, যুক্তি তৈরী করতে এবং তাদের প্রাপ্ত ফলাফল নিজস্ব উপায়ে উপস্থাপন করতে হয়। এআই যা প্রদান করে, তা হলো প্রযুক্তিগত কাজে ব্যয়িত সময় কমিয়ে আনার ক্ষমতা, যা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং দক্ষতা বিকাশের উপর আরো বেশী মনোযোগ দিতে সাহায্য করে। কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে অন্যতম বড় পরিবর্তন নিয়ে এসেছে। আগে যেখানে শিক্ষা মূলত: পাঠ্যবই, শ্রেণীকক্ষের লেকচার ও শিক্ষকের সাথে আলাপচারিতাকে কেন্দ্র করে আবর্তিত হতো, সেখানে এখন শিক্ষার্থীরা আরো অনেক বেশী সক্রিয় উপায়ে জ্ঞান অর্জন করতে পারছে। ইউনেস্কোর ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং’ প্রতিবেদন অনুযায়ী, ৬০টিরও বেশী দেশ শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার কৌশল বাস্তবায়ন করেছে বা তৈরী করেছে। কিন্তু এআইয়ের গুরুত্ব শুধু দ্রুত উত্তর খুঁজে পেতে সাহায্য করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এটি শিক্ষার্থীদের বিষয়বস্তুর গভীরে প্রবেশ করতে সাহায্য করতে পারে। আগে থেকে দেওয়া কোন উত্তর শুধু মুখস্ত করার পরিবর্তে, শিক্ষার্থীরা এআইকে এর অন্তর্নিহিত কারণ বিশ্লেষণ করতে, বিভিন্ন দৃষ্টিকোণ তুলনা করতে বা সমস্যাটিকে বাস্তব জীবনের পরিস্থিতির সাথে মেলানোর জন্য বলতে পারে, ২০২৫ সালে প্রকাশিত হার্ভার্ড বিশ^বিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থী প্রশ্ন জিজ্ঞাসা, বিশ্লেষণ এবং সমালোচনার জন্য সংলাপের মাধ্যম হিসেবে এআই ব্যবহার করেছে, তাদের বোধগম্যতার স্তর সেই সব শিক্ষার্থীর তুলনায় বেশী যারা শুধুমাত্র সরাসরি উত্তর খোঁজার জন্য এআই ব্যবহার কগরেছে। এআই শিক্ষার্থীদের কোন প্রোজেক্টের জন্য ধারণা তৈরীতে সাহায্য করতে পারে, কিন্তু কোন বিকল্পগুলো বেশী উপযুক্ত তা শিক্ষার্থীদেরই মূল্যায়ন করতে হবে, অর্থাৎ খুঁজে বের করতে হবে। এআই উত্তর দিতে পারে, কিন্তু শিক্ষার্থীকে জানতে হবে কীভাবে তথ্য যাচাই করতে হয় এবং নির্ভরযোগ্য সাথে মিলিয়ে দেখতে হয়।
এআই বিষয়বস্তু তৈরীতে সাহায্য করতে পারে কিন্তু বার্তার নির্বাচন ও উপস্থাপনার ধরণ মানুষের হাতেই থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমেই শিক্ষার্থীরা কেবল নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহণ না করে বিশ্লেষণ ও মূল্যায়ন করতে এবং সিদ্ধান্ত নিতে শেখে।
যা-ই হোক, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের শেখা ও প্রশিক্ষণের বিকল্প হতে পারে না। প্রযুক্তি যতো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, পার্থক্যটা আর এ বিষয়ের ওপর থাকবে না যে, কার কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার এক্সেস বা প্রবেশাধিকার আছে, বরং নির্ভর করবে প্রত্যেক ব্যক্তি নিজেকে উন্নত করার জন্য এই সরঞ্জামটি কীভাবে ব্যবহার করে তার ওপর। বলা যায়, ইন্টারনেট যেমন এক সময় মানব জাতির তথ্য প্রাপ্তির সুযোগ প্রসারিত করেছিলো, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি শেখার পদ্ধতিকে ব্যক্তিগতকরণ করছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে সহায়তা করার জন্য প্রায় সার্বক্ষণিক একজন সঙ্গী দিচ্ছে। আর এআই শিক্ষার গন্তব্য নয়। এআই কেবল একটি হাতিয়ার। কিন্তু সঠিকভাবে এটা ব্যবহার করা হলে এই টুল বা হাতিয়ারটি শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষনের যাত্রাপথে আরো এগিয়ে যেতে সাহায্য করতে পারে।
সর্বোপরি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তারচ ব্যবহার এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এটি শিক্ষার মান উন্নয়ন, শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য হ্রাস প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রাখতে পারে। তবে এই পথে কিছু বাস্তব চ্যালেঞ্জ আছে। যেমন, পর্যাপ্ত ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট সংযোগ, শিক্ষকদের প্রশিক্ষণ এবং এআইয়ের নৈতিক ব্যবহারের সচেতনতা বৃদ্ধি। আমাদের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি সহযোগী হিসেবে ব্যবহার করে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা, যাতে আগামী প্রজন্মের জন্য শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।




