৬ নদীর পানি বিপদসীমা অতিক্রম : কমলগঞ্জে মনুর বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত, হবিগঞ্জ পৌর শহরে পানি
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৬, ৮:২৩:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমা ছাড়িয়েছে সিলেট বিভাগের ৬ নদীর পানি| ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির ফলে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে| ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে প্রবল বেগে মনু নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু গ্রাম প্লাবিত হয়েছে| বানিয়াচংয়ে খোয়াই নদীর বাঁধ ভেঙে ফসলি জমির ক্ষতি হয়েছে|
উজানের পানি ও টানা বৃষ্টিতে হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরসহ ছোট বড় সবক’টি হাওরই পানিতে টইট¤^ুর| সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন অথৈ জলরাশি| পানি বাড়ায় হাওরপারের বাসিন্দাদের দুশ্চিন্তাও বাড়ছে| হাওরগুলোতে পানির ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)|
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ১২৪.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| মেঘাচ্ছন্ন আকাশ থাকায় গত দুই দিন ধরে সিলেটের আকাশে সূর্যের দেখা মেলেনি| দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে সিলেট নগরের জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে| আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস|
সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ০.২৬ পয়েন্ট নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে| এই পয়েন্টে বিপদসীমা ১২.৭৫ সেন্টিমিটার| বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট পয়েন্টে ১২.৪৯ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৯.৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে| এখানে বিপদসীমা ১০.৮০ সেন্টিমিটার| অপরদিকে কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে ১৪.৩০ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে ৮.৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে| দুই পয়েন্টেই পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে| তবে একই নদীর হবিগঞ্জের মারকুলি পয়েন্টে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে| এছাড়া আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে| এছাড়া সারি গোয়াইন ও লোভাছড়া নদীর পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে|
পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় কানাইঘাটের সুরমা নদীর পয়েন্টে ২৪ মিলিমিটার, সিলেটে ৫৮ মিলিমিটার, কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে ১২২ মিলিমিটার ও শেরপুর পয়েন্টে ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে| ভারতের পানি ও সিলেট অঞ্চলের টানা বৃষ্টির ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে| বিশেষ করে কুশিয়ারা অববাহিকার তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে|
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মনু, ধলই, জুড়ি, খোয়াই, সুতাং ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে| হবিগঞ্জ পাউবো জানিয়েছে, হবিগঞ্জ শহর রক্ষা বাঁধসংলগ্ন খোয়াই নদীর পানিও বিপজ্জনকভাবে বেড়েছে| এতে শহর ও আশপাশের উপজেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে| বৃহস্পতিবার সকাল ৯টায় খোয়াই নদীর পানি বাল্লা স্টেশনে বিপদসীমার ২২০ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ৯৯ সেন্টিমিটার এবং মাধবপুরের হরিপুর পয়েন্টে ১৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে| আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার এবং শায়েস্তাগঞ্জের সুতাং সেতু পয়েন্টে সুতাং নদীর পানি ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে| গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ৬১ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে|
হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি বৃদ্ধি উজানে হ্রাস পেলেও ভাটিতে বৃদ্ধি পাচ্ছে| নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের হুমকি দেখা দিয়েছে| পানির চাপে নড়বড়ে হয়ে পড়ছে বাঁধ| হালকা ফাটল ও ছিদ্র হয়ে চুইছে পানি| প্রতিরক্ষা বাঁধের অপর পাশে থাকা বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের রাধাপুর এলাকায় নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে ওই উপজেলার মকরমপুর ও সুজাতপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে| তবে বর্তমানে হাওরে কোনো ফসল না থাকায় ক্ষতির আশঙ্কা কম রয়েছে| এদিকে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকার দানিয়ালপুর যশের আব্দা, কামড়াপুর এলাকায় শতাধিক বসতঘরে পানি প্রবেশ করেছে| এতে বেশ কয়েকটি পরিবারের সদস্যরা স্থানীয় কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন|

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, সীমান্তবর্তী বাল্লায় খোয়াই নদীর পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার ও হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকায় ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে| তিনি আরও জানান, শহরের প্রতিরক্ষা বাঁধ মোটামুটি ভালো আছে| তবে শরতলীর ভাদই এলাকায় বাঁধের কিছু স্থান ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে| এসব স্থানে জিও ব্যাগ ও বালু দিয়ে মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে| বানিয়াচং উপজেলার রাধানগর গ্রামে খোয়াই নদীর তীর উপচে বন্যার পানি হাওরে প্রবেশ করছে| ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত কমছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী জানান, উজানে বৃষ্টি কমায় আশা করা যাচ্ছে, হবিগঞ্জেও খোয়াই নদীর পানি কমবে|
এদিকে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের রাধাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে| বৃহস্পতিবার সকালে প্রবল স্রোতের মুখে বাঁধের একটি অংশ ভেঙে গেলে নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে| এতে বাড়িঘর প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েক হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে|
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধ ভেঙে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই রাধাপুর গ্রামের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ে| বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে| পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ| কৃষকদের চোখের সামনে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজির খেতসহ বিভিন্ন মৌসুমি ফসল| এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে|
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও পানি উন্নয়ন বোর্ড সময়মতো প্রয়োজনীয় সংস্কার বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি| তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই কার্যকর উদ্যোগ নিলে আজকের এই ভয়াবহ ভাঙন ও ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব হতো| এলাকাবাসী দ্রুত ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং কৃষকদের ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন| একইসঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন তারা|
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, হাওরগুলো প্রায় সর্বোচ্চ পানি ধারণক্ষমতায় পৌঁছে গেছে| ফলে নতুন করে আসা পানি ধীরগতিতে নিষ্কাশিত হচ্ছে এবং খোয়াই নদীর ওপর চাপ আরও বাড়ছে| এতে নদীর দুই তীরের জনবসতি বন্যার ঝুঁকিতে পড়েছে|
এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজার জেলার অধিকাংশ নদ-নদীর পানি বাড়ছে| জেলার পাঁচটি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৩টিতে পানি বিপদসীমার উপরে ও ২টিতে নিচে রয়েছে| তবে ওই দুই পয়েন্টেও পানি বাড়ছে| বৃহস্পতিবার বিকেল ৩টার তথ্য অনুযায়ী, মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ ও চাঁদনীঘাট—উভয় পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে| অন্যদিকে রেলওয়ে ব্রিজ পয়েন্টে ধলাই নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপরে রয়েছে| সন্ধ্যায় জুড়ি নদীর পানিও বিপদসীমায় পৌছেছে|
কমলগঞ্জে ধলাই নদীর সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়েছে| এতে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন| বুধবার (৮ জুলাই) রাতে ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ধলাই নদীর ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ভাঙন দেখা দেয়|
বৃহস্পতিবার (৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, নদী ভাঙনের ফলে ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালায়েরবিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেঁতইগাঁও, ভানুবিল ও ঘোরামারা গ্রাম প্লাবিত হয়| উপজেলারবিভিন্ন স্থানে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং সড়কের কালভার্ট ভেঙে পড়েছে| পানির স্রোতে রোপণ করা আউশ খেত ও শাকসবজির ব্যাপক ক্ষতি হচ্ছে|
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতীয় বিএসএফের বাধার কারণে মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধটি আগে মেরামত করা সম্ভব হয়নি| ফলে নদী ভরাট হলেই মখাবিল এলাকায় বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়| বন্যার এই পানি বর্তমানে নিম্নাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে| ফলে শমশেরনগর, পতনউষার ও মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে| কৃষকরা অভিযোগ করছেন, বন্যার পানির স্রোতে আউশ এবং সবজি খেত মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে| পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে|
এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কমলগঞ্জ-মাধবপুর হয়ে শ্রীমঙ্গলে যাতায়াতের সড়কের নুরজাহান চা বাগানের গোয়াবাড়ি নামক স্থানে একটি কালভার্ট ধসে পড়েছে| এছাড়া আদমপুর-ইসলামপুর সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে|
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯১ মিলিমিটার, বুধবার বিকাল ৬টা পর্যন্ত ৭৯ মিমি এবং বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে|
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, অত্যধিক বৃষ্টিপাতের কারণে ঢল নেমে বন্যার সৃষ্টি হয়েছে| মাঠে এখনও বন্যার পানি থাকায় ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি| কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করে আমরা শুকনো খাবার দিয়েফছ| এছাড়া যতটুকু সম্ভব উপজেলা প্রশাসন থেকে বন্যার্তদের সহায়তা করা হবে|
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন মনু ও ধলাই নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে| কুশিয়ারা ও সোনাই নদীর পানিও দ্রুত বাড়ছে| এতে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে| শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| এর আগের দিন বৃষ্টিপাত হয়েছিল ৯১ মিলিমিটার|
মৌলভীবাজারের ছনগাঁও গ্রামের বাসিন্দা আবদাল আহমেদ বলেন, পানি এত দ্রুত বাড়বে, তা কখনও ভাবিনি| কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের উঠান ও আশপাশের জমি পানিতে তলিয়ে গেছে| মাঝেরগাঁও গ্রামের কৃষক সাদ্দাম হোসেন বলেন, আকস্মিক বন্যায় তার সব ফসল নষ্ট হয়ে গেছে| তিনি বলেন, কৃষিই আমাদের একমাত্র জীবিকা| সরকারি সহায়তা ছাড়া এই ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে| কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে আকস্মিক বন্যায় ইউনিয়নের অন্তত ১২০ থেকে ১৫০টি পরিবারের উঠান ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে| কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে|
এদিকে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে| গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ| পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)|
পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে| বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে, যা বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে| তিনি বলেন, সম্ভাব্য বন্যা মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে| জেলার বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে| পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে|
এদিকে সম্ভাব্য বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে| উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে| জেলা প্রশাসন নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে| পরিস্থিতির অবনতি হলে দ্রুত ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও রাখা হয়েছে|





