জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি   


প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬, ১২:৩৯:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন

মনু-ধলাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি, বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জের খোয়াই’র বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত

২৪ ঘণ্টায় ভারী বর্ষণের পূর্বাভাস

 

স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে একাধিক নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগসহ দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এতে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং সুরমা নদীসংলগ্ন কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেটের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় সামান্য কমে দাঁড়ায় ৯২ শতাংশে।

গত ৯ জুলাই সকাল ৬টা থেকে ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত অঞ্চলে ১৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শুক্রবার ১০ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সীমান্তবর্তী নদ-নদীর পানি আরও বাড়াতে পারে।

বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলী (সুনামগঞ্জ) পয়েন্টে, মনু নদীর মৌলভীবাজার ও মনু রেলসেতু পয়েন্টে এবং খোয়াই নদীর বল্লা (হবিগঞ্জ) পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার এবং মারকুলীতে ১৮ সেন্টিমিটার ওপরে রয়েছে। মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার এবং হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি ৬০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

এফএফডব্লিউসির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদী ব্যবস্থার পানি বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তা বাড়তে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুরমা নদীসংলগ্ন নিচু এলাকায় নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে কমতে পারে। এতে ওই দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতির সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের ১২৭টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৯টি স্টেশনে নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার মোট পাঁচটি নদী বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের ১০ জুলাইয়ের (সন্ধ্যা ৬টা) সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে পানি ১৪ দশমিক ৬০ মিটার, যা বিপদসীমা ১৫ দশমিক ৮০ মিটার থেকে নিচে থাকলেও ক্রমাগত বাড়ছে। শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি ১২ দশমিক ১৪ মিটার, বিপদসীমা ১৩ দশমিক ০৫ মিটার। অন্যদিকে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি ৯ দশমিক ৭০ মিটার, যা বিপদসীমা ১০ দশমিক ৮০ মিটার থেকে প্রায় ১ দশমিক ১০ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩ থেকে ১৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের পাশাপাশি ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে সীমান্তবর্তী নদীগুলোর পানিপ্রবাহ আরও বৃদ্ধি পেতে পারে।

এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের মাওসিনরামে ১৭৭ মিলিমিটার, মাওকিরওয়াতে ১৩৫ মিলিমিটার, সোহরা (চেরাপুঞ্জি) এলাকায় ১২০ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ১০৯ মিলিমিটার এবং ত্রিপুরার সোনামুড়ায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানে এই ভারী বৃষ্টিপাতের পানি ধীরে ধীরে সুরমা-কুশিয়ারা অববাহিকায় নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ: টানা তিন দিনের বর্ষণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি পৌর শহরের ষোলঘর পয়েন্টে দিয়ে প্র্রবেশ করছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী দুইদিন ভারী বৃষ্টি হবে। নদীর পানিও বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়নের নিচু এলাকা ইসলামপুর ও দরিয়াবাজ এলাকায় সরেজমিনে দেখা গেছে, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সঙ্গে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া, কোরবাননগর ও লক্ষণশ্রী, গৌরারং ইউনিয়নের অনেক গ্রামীণ সড়ক ডুবে গেছে। টানা বৃষ্টি পাহাড়ি ঢলে সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের নিম্নাঞ্চলের অনেক সড়ক প্লাবিত হয়েছে।

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ার খলার ১শ’ ফুট ও আনোয়ারপুর সড়কের ৫০ ফুট ডুবন্ত সড়কে ২ ফুট সমান পানি উঠেছে। স্থানে স্থানে ভাঙনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাহিরপুর উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা যেতে পারছে না। সীমান্ত নদী যাদুকাটা বৌলাই, মাহারাম, রক্তি পাটলাই নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। নদীর পাড়ের নিম্নাঞ্চলের ৫০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক জানান, গেল ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘জেলার বন্যার আশঙ্কার রয়েছে। কিছু কিছু এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থতি মোকাবেলায় গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়গুলোর অধীনে ত্রাণ মজুত আছে। প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত, স্বেচ্ছাসেবক টিম গঠন, মেডিকেল টিম গঠন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণ, নৌযান প্রস্তুত রাখাসহ সকল দপ্তর সতর্কাবস্থায় রয়েছে। যেকোনো স্থান দুর্যোগে আক্রান্ত হওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের জগন্নাথপুর প্রতিনিধি জানান, টানা ৩ দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ – রৌয়াইল সড়কের বালিশ্রী এলাকায় সড়ক ভেঙে হাওরে পানি প্রবেশ করছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকার লোকজন বন্যার শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন। গত ক’দিন ধরে আবহাওয়া অধিদপ্তর সিলেটসহ সুনামগঞ্জে স্বল্প মেয়াদি বন্যার পূর্বাভাস জানিয়ে আসছে। গত বুধবার থেকে টানা ৩ দিন থেমে থেমে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত রয়েছে।

যার ফলে নলজুর, মাগুরা সহ কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদীর তীরবর্তী রানীগঞ্জ বাজার সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কুশিয়ারা নদীর তীরবর্তী আশারকান্দি, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের বাজার সহ নিচু এলাকায় পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত পাইলগাঁও ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে বেড়ীবাঁধ এবং বালিশ্রী গ্রামে সরকারি সড়ক ভেঙ্গে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে খানপুর, জালালপুর ও রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার, রানীনগরসহ বেড়ীবাঁধের বাহিরে থাকা শতাধিক বসতবাড়ি প্লাবিত হচ্ছে।

পুর্ব জালালপুর গ্রামের শিপন আহমদ বলেন, আমাদের গ্রামের বেড়ীবাধেঁর একটি অংশ ভেঙ্গে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে, গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ পর্যন্ত পানি প্রবেশ করেছে। এভাবে পানি প্রবেশ করতে থাকলে বাড়ী ঘরে থাকা অসম্ভব হয়ে পড়বে।

রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, আমাদের বাজারের প্রধান গলিতে ও দোকানে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করে হাটু পানি পর্যন্ত হয়ে গেছে। এতে বাজারে ব্যবসায়ীসহ ক্রেতারা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইসলাম উদ্দিন বলেন, যেহেতু বন্যার পূর্বাভাস রয়েছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে উপজেলা প্রকল্প কর্মকর্তা সহ তিনকে দায়িত্ব দিয়ে কন্ট্রররুম খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, উজানের ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের চারটি নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর অন্তত পাঁচটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়া ঢলের পানিতে ডুবে রাজনগর উপজেলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উজান থেকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় মনু নদী রক্ষা বাঁধের রাজনগর উপজেলার একামধু এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে মনু নদীর রাজনগরের উজিরপুর ও একামধু এবং কুলাউড়া উপজেলার শিকরিয়াসহ মোট তিনটি স্থানে বাঁধ ভেঙেছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সময় যত গড়াচ্ছে, পানির স্তর ততই বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

নদী পাড়ের বাসিন্দারা জানিয়েছেন, প্রতিমুহূর্তেই পানি বাড়ছে। এভাবে পানি বাড়তে থাকলে ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, বসতবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বন্যাকবলিত এলাকার মানুষ। বাধ্য হয়ে অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। অনেকেই আবার নিজেদের গবাদিপশু নিয়ে মনু নদীর বাঁধে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। মনু নদীর ভাঙনকবলিত এলাকায় পানির প্রচ- চাপ দেখা গেছে। স্রোতের তীব্রতার কারণে ভাঙনের আকারও ক্রমশ বড় হচ্ছে। বেসরকারি হিসাব মতে, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় অন্তত ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে রাজনগর ও কুলাউড়া উপজেলার টেংরা ও পৃথিমপাশা ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে তলিয়ে গেছে।

অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার মখাবিল এলাকায় ধলাই নদীর দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ইসলামপুর, আদমপুরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে।

এদিকে, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া ঢলের পানিতে ডুবে আকুয়া গ্রামে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তাছাড়া অতি বর্ষণের কারণে পাহাড়ি ঢল নেমে কমলগঞ্জের আদমপুর-ইসলামপুর সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘœ ঘটেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার প্রধান চারটি নদীগুলোর মধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মনু নদীর রেলওয়ে এলাকায় বিপদসীমার ৬৮ সেন্টিমিটার, মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে, ধলাই নদীর ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর ২২ সেন্টিমিটার ও জুড়ী নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, যে স্থানে বাঁধ ভেঙেছে সেটা আটকানোর মতো অবস্থায় নেই। এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে তারা গবাদিপশুসহ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

তিনি আরও বলেন, যদি বৃষ্টি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে পাওয়া শুকনো খাবার বিতরণ করছি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মো. রেজাউল করিম মনু নদীর উজিরপুর এলাকার ভাঙন পরিদর্শন করেছেন। তিনি জানান, পানি নেমে যাওয়ার পর বাঁধ মেরামতের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপদসীমার ওপর দিয়ে মনু ও ধলাই নদীর পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে মনু ও ধলাই নদীর দুটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙেছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে মনু ও ধলাই নদীর কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। তাদের সহায়তার জন্য ৯১৫ ব্যাগ শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় আরও খাবার এবং ত্রাণ-সহায়তা দেওয়া হবে বলে মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে।

আমাদের কমলগঞ্জ প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে উপজেলার নিম্নাঞ্চলের মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় পতনঊষার-তারাপাশা সড়ক তলিয়ে গেছে। পাশাপাশি বন্যার পানির স্রোতে আউশ ধান, টমেটোসহ বিভিন্ন সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে রাস্তাঘাট ও অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়। শুক্রবার উজানে পানির প্রবাহ কিছুটা কমতে শুরু করলেও সেই পানি নিম্নাঞ্চলের দিকে নামায় উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

আদমপুর ইউনিয়নের টমেটো চাষি রায়হান আহমদ বলেন, ‘আদমপুর এলাকা ড্রাফটিং টমেটো চাষের জন্য পরিচিত। আকস্মিক বন্যায় টমেটো চাষিদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি আউশ ধানের ক্ষেতও পানির স্রোতে তলিয়ে গেছে।’

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বাধার কারণে মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ স্থায়ীভাবে মেরামত করা সম্ভব হয়নি। ফলে নদীতে পানি বাড়লেই ওই এলাকায় বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়। বর্তমানে উজানের পানি নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হওয়ায় পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘ধলাই নদীর পানি কমতে শুরু করায় উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে উজানের পানি নিম্নাঞ্চলে নেমে যাওয়ায় দুই-তিনটি ইউনিয়নে সাময়িকভাবে পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বলেন, ‘বৃষ্টিপাত না হলে আগামী দু-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছি।’

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমাদের হবিগঞ্জ প্রতিনিধি জানান, কয়েক দিনের টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করে। এর আগে দুপুরে বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে হাওরে পানি ঢুকে পড়ে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, খোয়াই নদীর বাঁধ ভেঙে বন্যার পানি ঢুকে পড়ায় অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

পানির প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন বন্যাদুর্গতরা।

সায়েদুর রহমান বলছেন, খোয়াই নদীর চুনারুঘাট বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার ১৯২, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১১৩ এবং মাছুলিয়া পয়েন্টে ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টেও পানি বিপদসীমা অতিক্রম করেছে।

এদিকে চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারসংলগ্ন এলাকায় নদীভাঙন আবারও তীব্র আকার ধারণ করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে। এতে হরিজন সম্প্রদায়ের রবিদাসপাড়ার অন্তত ১৫টি পরিবার চরম ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাও হুমকির মুখে রয়েছে।

অন্যদিকে হবিগঞ্জ শহরসংলগ্ন খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টের শহর রক্ষা বাঁধও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দিন-রাত বাঁধ রক্ষায় কাজ করছেন এবং বাঁশ দিয়ে অস্থায়ীভাবে তা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

এলাকাবাসীর অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভাঙনের ঝুঁকি বেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই নদীর কালীগঞ্জে বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ার পর দ্রুত বেগে হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ, চরহামুয়া, সুঘর, বনগাও, নতুন বাজার, বালিহাটা, কালীগঞ্জ, যাদবপুর, বিষ্ণরামপুর, দক্ষিনচর, রামনগর, ধোপাখাল ও বনদক্ষিণ এলাকার একটি অংশসহ ২৫টি গ্রামে পানি ঢুকে পড়ে। এসব এলাকার অনেক পরিবারের ঘরে কোমরসমান পানি ওঠে।

পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা গবাদিপশু, প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়-চোপড় ও মূল্যবান জিনিসপত্র ও গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেন।

কেউ কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছেন, আবার অনেকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নিয়েছেন। এছাড়া শহরের কামড়াপুর ও দানিয়ালপুরসহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করে।

খবর পেয়ে রাতেই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহেরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেন।

পরে স্থানীয় একটি মাদরাসা থেকে মাইকিং করে প্লাবিত এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে ও নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়।

রাত ১১টার দিকে পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যায়। অনেক অংশ পানির নিচে চলে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পানি আরও বাড়লে সড়কটিতে সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে হবিগঞ্জ সদর উপজেলার সঙ্গে মিরপুর ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কাজ করছেন।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের বলেন, ‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি রাখা হয়েছে। বন্যাদুর্গতদের আশ্রয়নকেন্দ্রে যেতে বলা হয়েছে।’

 

 

 

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

সর্বশেষ সংবাদ
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top