প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:২৮:৪৫ অপরাহ্ন

লন্ডনে দ্বৈত নাগরিকত্বের অধিকারী প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) পূর্ব লন্ডনের উডহ্যাম সেন্টারে ভয়েস ফর জাস্টিজ ইউকে-এর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্যসচিব কে এম আবু তাহের চৌধুরী। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লেখক মাওলানা শেখ মুনাওয়ার হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক কাউন্সিলর, ডেপুটি চেয়ার, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সিভিক মেয়র সলিসিটর শফিকুল হক, কাউন্সিলর বদরুল হক চৌধুরী, ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার, ব্যারিস্টার আমিন চৌধুরী, ব্যারিস্টার আলিমূল হক লিটন ও ব্যারিস্টার সেলিম খান।
এছাড়া বক্তব্য দেন বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ রফিক উল্লাহ রফিক, শায়েখ মাওলানা আতাউর রহমান, ওসমানী বিমানবন্দর ক্যাম্পেইন কমিটির সদস্যসচিব এম এ রব, কমিউনিটি নেতা মোহাম্মদ নূর বকস, সাংবাদিক আমিনুর রশিদ, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জামাল নূরুল ইসলাম, সংগঠনের অর্থসচিব মোহাম্মদ আফছর মিয়া (ছোট মিয়া) ও বুলু মিয়াসহ অনেকে।
সভায় বক্তারা দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার বিষয়ে নির্বাচন কমিশনের সুপারিশের তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এ সুপারিশ প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি, সমাজ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেও তারা অবদান রাখছেন। তাই তাদের নির্বাচনী অধিকার সীমিত করার যেকোনো উদ্যোগ পুনর্বিবেচনা করা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, কানাডার প্রধানমন্ত্রীও একাধিক দেশের নাগরিকত্বের অধিকারী। বাংলাদেশেও বহু ব্রিটিশ-বাংলাদেশি বিচারক রয়েছেন। তাহলে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না-এমন সিদ্ধান্ত কেন হবে, সে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, সরকার এমন সিদ্ধান্ত নিলে প্রবাসীদের জনরোষের মুখে পড়তে পারে এবং রেমিট্যান্স যোদ্ধাদের সমর্থন হারানোর আশঙ্কা রয়েছে।
সভাপতির বক্তব্যে কে এম আবু তাহের চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের এ সুপারিশ প্রত্যাহার না হলে দেশে-বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনে বিষয়টি নিয়ে বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাবও করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। বিজ্ঞপ্তি






