৩ খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জমিয়তের
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:৫০:৫৮ অপরাহ্ন

সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরী।
এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক চৌধুরী ও অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের রায়নগর মিতালী আবাসিক এলাকার বাসিন্দা ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী (৭৫) এবং গৃহকর্মী (২৫) নিজ বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন। একই ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপরাধ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। শাহজালালের পুণ্যভূমি সিলেটের ঘনবসতিপূর্ণ এলাকায় একই সঙ্গে তিনজনকে নির্মমভাবে হত্যা করে অপরাধীরা পালিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, হত্যাকারী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। নিহত আব্দুস সাত্তারসহ তিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো বিবেচনা না করে অপরাধীদের আইনের মুখোমুখি করার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, অপরাধীদের কোনো দল বা পরিচয় নেই। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞপ্তি





