রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ: হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৫:১৪ অপরাহ্ন
রাজধানী ঢাকায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখা। বৃহস্পতিবার দুপুরে সিলেট আদালত চত্বরে উক্ত কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে সিলেট জেলা বারের বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অ্যাডভোকেট রাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, একজন আইনজীবীর ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি আইন পেশার মর্যাদা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের অধিকার এবং আইনের শাসনের ওপর আঘাত। আদালত ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পরিবেশও বাধাগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের ওপর এধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও সাবেক অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলীম উদ্দীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রব, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন, অ্যাডভোকেট সেলিম মো. আলী আসগর, অ্যাডভোকেট মো. ইয়াসিন খান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট নাজমুল হুদা ও অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন।
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট হাফিজ আহমদ, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট কাজী আতিকুল হক, অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট মুমিনুজ্জামান, অ্যাডভোকেট আসাদুর রহমান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আনোয়ারুল হক ও অ্যাডভোকেট পারভেজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





