আজমিরীগঞ্জে এসআরএসপি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৭:০০:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে অ্যান্টিসিপেটরি অ্যাকশন (এএ) ও শক-রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি) প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) বাস্তবায়িত প্রকল্প দুটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুর রশিদ জলকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া প্রকল্পের আওতাধীন বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এফআইভিডিবির পক্ষে সভায় অংশ নেন প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস, উপজেলা কো-অর্ডিনেটর শাহ মো. জাহাঙ্গীর আলম, এমইএএল কর্মকর্তা ইয়াছমিন খানম এবং ফিল্ড ফ্যাসিলিটেটর জিয়াউর রহমান।
এমইএএল কর্মকর্তা ইয়াছমিন খানমের সঞ্চালনায় সভায় এএ ও এসআরএসপি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। দুর্যোগের আগাম প্রস্তুতি, পরিবারভিত্তিক প্রস্তুতি পরিকল্পনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রকল্পের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন প্রতিনিধিরা প্রকল্পের কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তায় এফআইভিডিবি ও ডব্লিউএফপির উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় প্রকল্প সমন্বয়কারী গৌতম কুমার দাস প্রকল্পের কার্যক্রম, বাস্তবায়ন প্রক্রিয়া ও অর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি




