নগরীর বিভিন্ন এলাকায় সড়ক বাতি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৮:৫৩ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট নগরীর নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডগুলোর সঙ্গে সমানতালে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে নগরীর সব এলাকায় সোডিয়াম বাতি স্থাপন করে আলোকিত করা হবে। নগরীর কোনো এলাকা অন্ধকারে থাকবে না।
বুধবার রাতে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের লন্ডনী রোড এবং ৪১ নম্বর ওয়ার্ডের বরায়া পশ্চিমভাগ সড়কে স্ট্রিটলাইট স্থাপন ও বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগরীকে আলোকিত করতে ১৯২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু সড়ক ও ড্রেন নির্মাণ করলেই নগর উন্নয়ন সম্পূর্ণ হয় না, সড়কগুলোও আলোকিত করতে হবে। নগরীর প্রতিটি এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতেই এ প্রকল্প নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এর আগে তিনি ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করা লন্ডনী রোডে সড়কবাতি উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি




