সুনামগঞ্জ সীমান্তে অবৈধ মালামাল আটক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৬:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৪১ হাজার ২৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




