শিশু গ্রাম পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন সদস্যরা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৫৬:৫৪ অপরাহ্ন
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের ‘দ্য গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ’ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাঁরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের পিটার ড্যানিস পোগোস, লায়লা নিকোলাস পোগোস, স্যামুয়েল বেনজামিন পোগোস, ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন, পেট্রন পলি ইসলাম এবং নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সিইও মো. আজিজুর রহমান প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ক্যাপ ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
ক্যাপ ফাউন্ডেশনের সিইও আব্দুল নূর হুমায়ুন বলেন, দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে ক্যাপ ফাউন্ডেশন। শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। ‘দ্য গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ’ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
পরিদর্শনকালে অতিথিরা শিশু গ্রামটির বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় শুভকামনা জানান। এ সময় ক্যাপ ফাউন্ডেশনের কর্মকর্তারা অতিথিদের প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বিজ্ঞপ্তি




