সংবাদ সম্মেলনে রিজভী: আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৭:১৩:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’কে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রথম থেকে আমরা ধৈর্যের সীমার মধ্যে থেকে বিষয়গুলো দেখছিলাম। কিন্তু তাদের (আওয়ামী লীগের) কর্মকাণ্ড ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তাদের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে এদের পথে পথে প্রতিহত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ৫ অগাস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ‘পরাজিত শক্তি’ বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন, কিন্তু তা আর সম্ভব হবে না। খানে আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে, যেখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।
পঞ্চম বাহিনী বলতে এমন ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝায়, যারা কোনো দেশের ভেতরে অবস্থান করে গোপনে সরকার, রাষ্ট্র বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করে এবং শত্রুপক্ষ বা বিদেশি শক্তিকে সহায়তা করে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যান না। যারা রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেছেন, তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তারা কখনো দেশ ছেড়ে যাননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং দেশে টোকাইদের টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির কথা তুলে ধরেন রুহুল কবির রিজভী। তিনি জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ‘যথাযোগ্য মর্যাদায়’ পালনের কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরাকে স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে বিএনপি উদযাপন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গোপালগঞ্জে থানা ও এমপির বাড়িতে ভাঙচুর-আগুন /৩
জালালাবাদ ডেস্ক: গোপালগঞ্জে চলমান সহিংসতার মধ্যে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এ সময় তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী মিছিল নিয়ে সকালে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। এক পর্যায়ে দুটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগও উঠেছে। তবে মিছিলকারীরা বাড়িতে প্রবেশ করার পর পর সেলিমুজ্জামান সেলিমের বাড়ির লোকজন বাড়ি থেকে বের হয়ে যান। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাচুর চালানো হয়েছে।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মকসুদপুর থানায় ভাঙ্চুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থানার সামনে পুলিশের সরকারি ও জব্দ করে রাখা একাধিক গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।
একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও থানার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। পরে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।



