ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৭:৫৯:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ব্রেক্সিট ভোটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে তিনটি নীতিগত ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিকে উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন করে সাজানোর সূচনা হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার। শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয় এক বিবৃতিতে জানায়, আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সম্পর্ক নতুন করে সাজানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে।
ডাউনিং স্ট্রিট জানায়, উভয় পক্ষই ‘ইউথ মোবিলিটি স্কিম’ (তরুণদের অবাধ চলাচল সংক্রান্ত কর্মসূচি), স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা সংক্রান্ত) চুক্তি এবং তাদের নিজ নিজ কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার (এমিসন ট্রেডিং সিস্টেম) মধ্যে সংযোগ স্থাপনের সময়সীমা নিয়ে একমত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করা হবে।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, চুক্তি সম্পন্ন হয়েছে। আলোচনা শেষ হয়েছে। উভয় পক্ষই এখন তা বাস্তবায়নের জন্য কাজ করবে। মুখপাত্র আরও বলেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তির মতোই এখন প্রতিটি দেশের নিজস্ব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। পাশাপাশি, কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
এই চুক্তিগুলো স্বাক্ষরিত হলেও সম্পর্কের আরও গভীর পরিবর্তনের জন্য, যেমন শিক্ষার্থীদের টিউশন ফি থেকে শুরু করে পণ্য উৎপাদন সংক্রান্ত নিয়মাবলির মতো বিষয়গুলো নিয়ে এখনও দীর্ঘ সময় ধরে আলোচনা চালু থাকতে পারে। এর আগে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ব্রিটিশ জনগণের উদ্দেশে বলেছিলেন, ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে সব বিকল্পই খোলা রাখা উচিত, এমনকি ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এই সম্ভাবনা এবং এখন পর্যন্ত সম্পাদিত চুক্তিগুলো ব্রিটিশ জনগণের ইউরোপ-বিরোধী অংশের মধ্যে ক্ষোভের জন্ম দেবে।




