পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৭:৪৩:৫৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে এভাবে নিন্দা জানানোর ঘটনা প্রথম।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইসিজের রায় নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানান তিনি। হুমায়ুন কবির বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।
আপনারা দেখতে পাচ্ছেন, আইসিজে এই প্রথমবারের মতো জেনোসাইডের জন্য কোনো রাষ্ট্রকে নিন্দা জানিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা জানানো হয়েছে। ’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের গুরুতর লঙ্ঘনের ঘটনায় কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম। আইসিজের রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তাঁর ভাষ্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টি রায়ে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা তৈরি হয়েছে।
হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যতে কীভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায়ের বিস্তারিত বিষয় শুক্রবার ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে বলেও জানান তিনি।



