প্যারিসে এফবিজেএর জুলাই ডায়লগ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৭:১৪:০২ অপরাহ্ন

ফ্রান্সের প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা জুলাই বিপ্লবের অর্জন টেকসই করতে কাঠামোগত সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জুলাইয়ের আকাক্সক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই স্বপ্ন পূরণে কার্যকর রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই।
শুক্রবার বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইনের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমদ তোহা।
সেমিনারে ভার্চ্যুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো অধরা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ করতে হবে।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নত বিশ্বের মতো নাগরিক সুবিধা বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। কাঠামোগত সংস্কারকে জুলাইয়ের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করতে হবে। তিনি দাবি করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল ঐতিহাসিক। ফ্রান্সপ্রবাসীরাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলনের সময় ফরাসি গণমাধ্যমগুলোর সংবাদ প্রচারও গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি মন্তব্য করেন।
অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। তাঁর মতে, জুলাইয়ের অর্জনকে সংহত করতে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের কোনো বিকল্প নেই।
সেমিনারে ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানে এফবিজেএর সদস্যরা জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরার পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন কলামিস্ট নিয়াজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন। বিজ্ঞপ্তি






