যুক্তরাজ্যে দুর্বৃত্তের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৭:২৮:৪৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: যুক্তরাজ্যের লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে বিশ্বনাথের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। তাঁর মৃত্যুর খবরে দেশে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত স্থানীয় পুলিশও পরিবারের সদস্যদের এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
মাছুম আহমদ এক কন্যাসন্তানের বাবা। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করতেন। তবে বেশ কয়েকবার দেশে এসেছেন। তাঁর বাবা আমির আলী ছাড়া দুই ভাই ও দুই বোনও পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ তাদের বাসার দরজায় পুলিশ নক করে। দরজা খুললে পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। তিনি হ্যাঁ বলার পর পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ তাদের জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, তাঁর ভাইকে কেন বা কারা গুলি করে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ তাদের কিছু জানায়নি। বর্তমানে মাছুমের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
নিহতের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে জানান, দুর্বৃত্তদের গুলিতে মাছুম নিহত হয়েছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তা জানতে পারেননি তারা।






