এক বছরেও হয়নি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫:২২ অপরাহ্ন
১,১২২ পদের বিপরীতে আবেদন ৭ লাখ

জালালাবাদ রিপোর্ট : এক বছর পেরিয়ে গেলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি। ১ হাজার ১২২টি পদের বিপরীতে প্রায় ৭ লাখ প্রার্থী আবেদন করে এখনো অপেক্ষায় রয়েছেন। ফলে চাকরির আশায় প্রস্তুতি চালিয়ে গেলেও পরীক্ষা কবে হবে-এ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে ২০২৫ সালের ৩১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রাথমিকভাবে পদসংখ্যা ছিল ২ হাজার ১৬৯টি। পরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে ৮০ শতাংশ পদোন্নতি এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের সিদ্ধান্ত হয়। এতে সরাসরি নিয়োগের পদ কমে দাঁড়ায় ১ হাজার ১২২টিতে। বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৭ লাখ। অর্থাৎ প্রতিটি পদের জন্য লড়বেন গড়ে ৬২৪ জন।
বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া এগোলেও উচ্চ আদালতের স্থগিতাদেশে তা আটকে যায়। সম্প্রতি সুপ্রিম কোর্টের মাধ্যমে আইনি জটিলতার অবসান হলে পরীক্ষা আয়োজনের উদ্যোগ ফের আলোচনায় আসে। এর মধ্যেই গত ১৮ আগস্ট পিএসসির তৎকালীন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম পদত্যাগ করায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যায়। এতে পরীক্ষার সময়সূচি নির্ধারণও ফের অনিশ্চয়তায় পড়ে। গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত ইতোমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে। এখন পিএসসি নিজস্ব সক্ষমতা ও সুযোগ-সুবিধা বিবেচনা করে পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি নির্ধারণ করবে।
পিএসসি সূত্র জানায়, প্রায় ৭ লাখ প্রার্থীর পরীক্ষা আয়োজন বড় ধরনের প্রশাসনিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ। বিপুলসংখ্যক পরীক্ষার্থীর জন্য কেন্দ্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন। নিয়োগে ৯০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
অন্যদিকে, প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের প্রক্রিয়াতেও দীর্ঘ জট রয়েছে। আইনি জটিলতায় টানা ১৩ বছর পদোন্নতি বন্ধ থাকার পর গত জুনে আপিল বিভাগের রায়ে সেই জটিলতার অবসান হয়। এতে অভিজ্ঞ সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ খুললেও রায়ের সার্টিফায়েড কপি এখনো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পৌঁছায়নি। ফলে পদোন্নতির প্রশাসনিক কার্যক্রমও শুরু করা যাচ্ছে না।
দেশে অনুমোদিত ৬৫ হাজার ৪৫৭টি প্রধান শিক্ষক পদের মধ্যে ৩৪ হাজার ১৫৯টি বিদ্যালয়ে বর্তমানে স্থায়ী প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে বছরের পর বছর ধরে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। একদিকে সাত লাখ চাকরিপ্রার্থীর দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে পদোন্নতির আশায় থাকা সহকারী শিক্ষকদের অনিশ্চয়তা-দুই সংকটে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রধান শিক্ষক সংকট আরও প্রকট হয়ে উঠছে।





