ডিএনবির সাপ্তাহিক লঙ্গরখানার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৯:৩০ অপরাহ্ন
সিলেটে ক্ষুধার্ত মানুষের মাঝে একবেলা আহার পৌঁছে দিতে ‘ডেব্যু অব নিউ বাংলাদেশ’ (ডিএনবি) এর উদ্যোগে সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মুজিব বলেন, ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে ডিএনবির এই উদ্যোগ প্রশংসনীয়। এ এলাকার যুব সমাজ চিরকালই উদ্যমী ও পরিশ্রমী। তরুণ সমাজ নিজ থেকে দায়িত্ব নিতে জানে। তাদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকার মো. রাহাত খান রাছির সভাপতিত্বে এবং ডিএনবির সদস্যসচিব মিনহাজ আহমদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ শাকাওয়াত আহমদ আকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক শরীফুল আলম, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা সভাপতি জিয়াউর রহমান খান এবং তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি আব্দুল হাফিজ খান শামীম, উম্মুল কুরা একাডেমির পরিচালক আহমদুল হক উমামা ও সমাজসেবী এ বি মজুমদার রনি।
প্রবাস থেকে শুভেচ্ছা বার্তা পাঠান ডিএনবির প্রতিষ্ঠাতা ইয়াসিন জামান রাজ। এছাড়া বক্তব্য দেন ডিএনবির অন্যতম সংগঠক ও জাতীয় পর্যায়ের হকি তারকা মারজান খান, সদস্য আরমান খান, জায়শ গনি খান, আতিক, তালহা ও দেলোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি






