ধলাইয়ে টমটম পড়ে চালক নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৮:৪২ অপরাহ্ন
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে ব্যাটারিচালিত টমটমসহ পড়ে প্রীতম এরিক পিতু (২৫) নামে এক চালক নিখোঁজ হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ প্রীতম উপজেলার দক্ষিণ বালীগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রী নামিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় চালকও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও স্রোতের কারণে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে দুর্ঘটনাকবলিত টমটমটি উদ্ধার করা হয়। নিখোঁজ চালকের সন্ধানে সিলেট থেকে বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হচ্ছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও চালককে উদ্ধারে ডুবুরি দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।







