সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১:১২ অপরাহ্ন

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শারীরিক সুস্থতার সঙ্গে মুখের স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। সচেতনতার অভাবে দাঁত ও মুখের বিভিন্ন জটিল রোগ হতে পারে। তাই ছোটবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়া ও নিয়মিত পরীক্ষা করানো জরুরি। তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের এ উদ্যোগ প্রশংসনীয়।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আলাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসির পরিচালক ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী ও জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মুমিনুল হক, ফাইন্যান্স ডিরেক্টর ডা. সোলাইমান আহমদ ও আশরাফ আরমান। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সেবাগ্রহীতার দাঁত পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং মৌখিক স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পরামর্শ দেন। বিজ্ঞপ্তি






