তাহিরপুরে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০২:৩৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ১৯৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে র্যাব-৯। রোববার ভোররাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, লাউড়েরগড় বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাতক অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মদ তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।






