গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম ও মনোরতল বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ভেঙে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন। অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য ও আটক ব্যক্তিদের জবানবন্দি পর্যালোচনা করে তিনজনকে সরাসরি জড়িত না পাওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর তিনজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা ঘটনাস্থলেই ভেঙে ধ্বংস করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।







