আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:০২:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে নগর সেজেছে নতুন রূপে। জঞ্জালে ভরা চেনা নগর হঠাৎ যেন ‘অচেনা’ রূপ পেয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার, ঐতিহাসিক কিন ব্রিজ, সার্কিট হাউসসহ বিভিন্ন স্থাপনায় নতুন করে রং করা হয়েছে। হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার এলাকাতেও হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ। বিমানবন্দর থেকে সার্কিট হাউজ পর্যন্ত সড়কে চালানো হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। সিটি করপোরেশনের ভেতর-বাহির এর পরিবেশ পুরোটাই বদলে গেছে।
সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট বিভাগে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাজার এলাকা ও রাষ্ট্রপতির যাতায়াতের প্রধান সড়কগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসেছে নিরাপত্তা চৌকি। সিলেটের প্রবেশদ্বার ও প্রধান সড়কগুলো ধুয়ে-মুছে সাফ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পুলিশের ড্রোন। ১০৮টি সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি উপর থেকে ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি করা হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এমনটাই জানিয়েছেন।
রাষ্ট্রপতির নিরাপত্তায় সিআরটি, বোমা ডিসপোজাল ও স্ট্রাইকিং টিমও দায়িত্ব পালন করবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।






