মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭:৫১ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবাকেন্দ্রের আশপাশে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জালান চানসাউলিংয়ে বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর সেন্টারের আশপাশে এ অভিযান চালানো হয়।
এ সময় পাসপোর্ট ও অন্যান্য জরুরি কনস্যুলার সেবা নিতে আসা কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মালয়েশিয়া সরকারের দেশব্যাপী চলমান ইমিগ্রেশন অভিযানের অংশ হিসেবে কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্ট আবেদন ও ট্রাভেল পাসসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসা কয়েকজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে কয়েকজনের বৈধ ভিসা রয়েছে বলেও জানা গেছে। তবে অভিযানে মোট কতজন বাংলাদেশিকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ হাইকমিশন জানায়, ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে সংশ্লিষ্ট সেবাকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, সেন্টারের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি। সকাল থেকেই সেবা প্রত্যাশীরা নির্ধারিত সিরিয়াল অনুযায়ী স্বাভাবিকভাবে পাসপোর্ট ও ই-পাসপোর্টের সেবা নিয়েছেন।
ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। এ বিষয়ে মালয়েশিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
এদিকে, সেবাকেন্দ্রের আশপাশে ইমিগ্রেশন অভিযান নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রবাসীদের অনেকেই নিয়োগকর্তার অবহেলা, প্রশাসনিক জটিলতা কিংবা অন্যান্য কারণে সময়মতো পাসপোর্ট ও ভিসা নবায়ন করতে পারেন না। বৈধতা নিশ্চিত করতে তারা বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত সেবাকেন্দ্রে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে যান।
প্রবাসীদের দাবি, অনুমোদিত সেবাকেন্দ্রে পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিতে আসা ব্যক্তিদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ে কার্যকর আলোচনা করে সমাধান বের করার আহ্বান জানিয়েছেন তারা। হাইকমিশন প্রবাসীদের দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সবসময় সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে।







