কেমুসাসের ১২৮৮তম সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৯:০৭ অপরাহ্ন

নবীন কবির প্রথম কবিতা কিংবা তরুণ লেখকের প্রথম গল্প-প্রবন্ধ সাহিত্যের বিচারে ছোট পদক্ষেপ হলেও লেখকের কাছে তা স্বপ্নের প্রথম দরজা। তাই নবীনদের থেমে না গিয়ে নিয়মিত লিখে যেতে হবে। প্রথম লেখায় ছন্দ, ভাষা কিংবা চিন্তার দুর্বলতা থাকতে পারে। তবে প্রতিটি বড় লেখকের সাহিত্যযাত্রা একদিন একটি ছোট লেখা দিয়েই শুরু হয়েছিল। সমালোচনাকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নিতে হবেÑকেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) আয়োজিত ১২৮৮তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং ছড়াকার এস এম ফাহিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংসদের সহ-লাইব্রেরি সম্পাদক ইশরাজ জাহান জেলী। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুবের আহমদ সার্জন।
স্বরচিত লেখাপাঠে অংশ নেন এস এম নজরুল ইসলাম তালুকদার, আতাউর রহমান বঙ্গী, এন এ আশালতা, ইমা, কামাল আহমদ, জুবের আহমদ সার্জন, শাহনূর আলম মাহির, শিপারা শিপা, কবির আশরাফ, লবিদ হোসেন চৌধুরী, অমিত মামুন, আলী আহমদ মাবরুর, জামিল আহমদ, রাজিয়া সুলতানা, লিলু মিয়া, দিদার আহমদ প্রমুখ।
আসরে গান পরিবেশন করেন বাহাউদ্দিন বাহার ও কুবাদ বখত চৌধুরী রুবেল। এ সময় ‘সেরা লেখক’ মনোনীত হন শিপারা শিপা। বিজ্ঞপ্তি





