মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৮:৪৯ অপরাহ্ন

বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হসপিটাল কর্তৃপক্ষের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি হসপিটালের আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামানসহ চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার ৭ম তলার কনফারেন্স হলে বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হসপিটালের করোনারি কেয়ার ইউনিটের ইনচার্জ ডা. রায়হান আহমদের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক ডা. আবু জাওয়াদ মো. আহসানউল্লাহ।
আলোচনা সভায় কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট ও ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান হৃদরোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে হৃদরোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্য গ্রহণ, ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন, পর্যাপ্ত ঘুম, ফাস্টফুড পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচনা সভায় সভাপতির সমাপনী বক্তব্যে হসপিটালের চিফ অপারেটিং অফিসার ডা. তানভীরুজ্জামান হৃদরোগ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বছরে অন্তত একবার কার্ডিয়াক হেলথ চেকআপ করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি





