৭ মাসে বিদেশ গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৬:৩৮:০৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত ৭ মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সামনের দিনগুলোয় বাংলাদেশের শ্রমবাজারে আরো ভালো ফলাফল দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
কর্মীদের দক্ষ হয়ে বিদেশে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। আমরা যদি দক্ষ কর্মী পাঠাতে না পারি, তবে শুধু সংখ্যা বাড়িয়ে লাখ লাখ কর্মী পাঠিয়ে দেশের কোনো প্রকৃত লাভ হবে না।
যাত্রীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত একটি ইমার্জেন্সি চিকিৎসা কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, প্রবাসী কর্মীদের সুবিধার্থে বিমানবন্দরে দ্রুত একটি জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে। এরই মধ্যে চিকিৎসা কেন্দ্রের জন্য স্থান নির্বাচনের নির্দেশ দেয়া হয়েছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বিমানবন্দরে প্রবাসী কর্মীদের যাতায়াত ও অবস্থানের সুবিধার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক সময় সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে প্রবাসী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিমানবন্দর শহর থেকে দূরে হওয়ায় তাদের থাকা-খাওয়ার সমস্যা আরো বেড়ে যায়। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের পাশে রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে যাত্রীরা যেকোনো পরিস্থিতিতে সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারবেন।
প্রবাসীদের আইনি সহায়তা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।






