কুলাউড়ায় শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:১৮:৪৮ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : শিশুদের অধিকার, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমি যুক্ত হয়। এ সময় দেশের বিভিন্ন উপজেলা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, কুলাউড়া শিশু একাডেমির পরিচালনা কমিটির সদস্য সিপার উদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য মইনুদ্দিন আকবর এবং শিশু বক্তা আহনাফ আকিফ ও নুজহাত ইসলাম।





