কলেজ জীবন একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় : আবুল হাসান এমপি
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:২২:৩৮ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, কলেজ জীবন একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সদ্ব্যবহার ও শৃঙ্খলাবোধের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তব্য দেন জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সুহেল আহমেদ চৌধুরী, নিজাম উদ্দিন, আব্দুল দাইয়ান, মখলিছুর রহমান, মাসুম আহমেদ ও বাবুল হোসেন তাপাদার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাবিসা তাবাসসুম ও ইনা বেগম। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





