ওসমানী হাসপাতালে ফটোসাংবাদিক রেজা রুবেলের ওপর হামলায় বিপিজেএ’ নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৬:৩৪:৫০ অপরাহ্ন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফটোসাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি। বৃহস্পতিবার নগরীর মধুবনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং পেশাদার ফটোসাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদল ইন্টার্ন চিকিৎসক বর্বরোচিত হামলা চালিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং গণমাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ।
বক্তারা আরও বলেন, চিকিৎসকদের প্রধান দায়িত্ব মানুষের সেবা করা ও জীবন রক্ষা করা। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে সেবামূলক পেশার দায়িত্ব ও মর্যাদা ভুলে কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করছেন। ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাতে সাংবাদিক, রোগী ও তাঁদের স্বজনদের হেনস্তার শিকার হওয়ার অভিযোগও রয়েছে। এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই চলতে দেওয়া যায় না।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায়, সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকবে না উল্লেখ করে তাঁরা দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
জরুরি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহসাধারণ সম্পাদক এস এম সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, আজমল আলী প্রমুখ। বিজ্ঞপ্তি





