কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৮:৫৪:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জে ধানক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। রোববার বিকেলে উপজেলার তেলিখাল এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে এসআরবি-৯ সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন বর্ণী পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেলিখাল এলাকার একটি বসতবাড়ির পাশে ধানক্ষেতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এতথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এসময় ধানক্ষেতের মধ্যে পড়ে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ও একটি কালো রঙের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মদ জিডিমূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।






