বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৬, ৮:৫৮:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে এসব পণ্য জব্দ করা হয়। এসময় ট্রাকচালক মোঃ আবুল কাশেম (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালী জেলার চাটখিল থানার ফতেপুর গ্রামের মৃত আঃ মান্নান মমিনের পুত্র।
এসএমপি সূত্র জানিয়েছে, সোমবার ভোরে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিলেন। এসময় পুলিশের সংকেত অমান্য করে ঢাকা মেট্রো-ট-২২১২০৯ নম্বরের একটি টাটা খোলা ট্রাক পালানোর চেষ্টা করলে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে- গার্ডোর সাফারি চকলেট, সোবিস্কো বিস্কুট, বেনজো চকলেট, নেসলে মাঞ্চ চকলেট, ক্লাসিক সোনপাপড়ি ও আমুল কুল জুসসহ বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।
সোমবার (২ নভেম্বর) এসএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।






