অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৮:৩০:৪৪ অপরাহ্ন

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও মহানগর কৃষক দলের সভাপতি এবং সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন।
মঙ্গলবার রাতে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের চরুগাঁও এলাকায় অধ্যাপক এম. শফিকুর রহমানের বাসভবনে গিয়ে তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অধ্যাপক এম. শফিকুর রহমান আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
সাক্ষাৎকালে কুশল বিনিময়ের পাশাপাশি সিলেটের সার্বিক উন্নয়ন, বিদ্যমান জনদুর্ভোগ এবং বিভিন্ন আঞ্চলিক যৌক্তিক দাবিদাওয়া নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
উল্লেখ্য, অধ্যাপক এম. শফিকুর রহমান দীর্ঘ ৪০ বছর ধরে সিলেট বিভাগ গণদাবি পরিষদের মাধ্যমে সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব ও উদ্যোগে সংগঠনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি পরিচিত সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





