তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ৮:৫৫:১৫ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খসরুল আলম।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি পদে মোট ৩২টি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী জানান, সভাপতি পদে খসরুল আলম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা না দেওয়ায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রচার সম্পাদক পদেও একজন প্রার্থী থাকায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১২ ডিসেম্বর সবার সহযোগিতা ও অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, গত মঙ্গলবার দুপুরে গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। শেষ দিন পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা হলেন, সভাপতি পদে খসরুল আলম, সিনিয়র সহসভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহসাধারণ সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহপ্রচার সম্পাদক পদে ২ জন এবং কার্যকরী সদস্য পদে ১৪ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৭ বছর ধরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে স্থবিরতা বিরাজ করছিল। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।



