ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৬:৪১:১৮ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক প্রশস্তকরণে ব্যবহার করা হচ্ছে কাদামাটি। ব্লক তৈরিতে নিম্নমানের পাথর, বালি ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। সড়কের পাশের গাইড হিসেবে নিম্নমানের ইউ-ব্লকও ব্যবহার করা হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এ কাজের স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণ প্রকল্পে সরকারের প্রায় পৌনে দুইশ কোটি টাকা ব্যয় হলেও অনিয়মের কারণে এর সুফল থেকে বঞ্চিত হতে পারেন সড়কে চলাচলকারী লাখো মানুষ।
সাম্প্রতিক সময়ে ছাতক থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক দুই ভাগে প্রশস্তকরণ প্রকল্প গ্রহণ করা হয়। এর মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ছাতক-সুরমা সেতুর পাগলা হাসান চত্বর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক দুই লেনে উন্নীতকরণ এবং ছাতক বাজার থেকে পাগলা হাসান চত্বর পর্যন্ত অংশে ফের লেন নির্মাণের জন্য মোট ১৭৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় এক মাস আগে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
খোঁজ নিয়ে জানা যায়, দরপত্রের মাধ্যমে দুই অংশের কাজের কার্যাদেশ পায় দেশের শীর্ষস্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড (ওটিবিএল)। তবে কাজ শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
সড়কের বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য উপজেলার মাধবপুর লালপুল এলাকায় প্রায় আড়াই লাখ ব্লক তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, শারফিনটিলার মরা লাল পাথরের সঙ্গে ভবন ভাঙার কংক্রিট, নিম্নমানের বালি ও সিমেন্ট মিশিয়ে প্রায় ২০ হাজার ব্লক তৈরি করা হয়েছে। এ নিয়ে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এছাড়া সড়ক সম্প্রসারণে কাদাযুক্ত মাটি দিয়ে ভরাটের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, শুকনো মাটির পরিবর্তে কাদামাটি ব্যবহার করা হচ্ছে, যা টেকসই সড়ক নির্মাণের জন্য উপযোগী নয়। এমনকি সিলেট-সুনামগঞ্জ সড়কের কাজীবাড়ি এলাকায় রাতের আঁধারে সুরমা নদী থেকে অবৈধভাবে ভিটবালু উত্তোলন করে মজুত এবং তা সড়ক প্রশস্তকরণ কাজে সরবরাহের অভিযোগও উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সিলেট, ছাতক-দোয়ারাবাজার, কোম্পানীগঞ্জ ও জালালাবাদ এলাকায় অবৈধভাবে ভিটামাটি উত্তোলনের সঙ্গে সিলেট সদর উপজেলার বাসিন্দা চমক আলী জড়িত। ২০২৫ সালে ছাতকের লালপুল এলাকা থেকে তার একটি ড্রেজারসহ মালিক হাবিবকে আটক করেছিলেন তৎকালীন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে তদবিরের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়া চমক আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈধ-অবৈধ ওয়ার্ক অর্ডারের আড়ালে নদী থেকে ভিটামাটি উত্তোলনের ব্যবসা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের সুরমা সেতুর চত্বর (পাগলা হাসান চত্বর) পর্যন্ত দুই লেনের মাটি ভরাট ও ভিটামাটি সরবরাহের কাজও তিনি করছেন বলে স্থানীয়দের দাবি। এ কাজে তাকে ঘিরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে চমক আলী বলেন, ছাতক সুরমা সেতুর চত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত শুধু মাটি ভরাটের কাজ করছেন তিনি। ভেজা মাটির কারণে কর্তৃপক্ষ গত সপ্তাহে কয়েক দিনের জন্য তার মাটি ভরাটের কাজ বন্ধ রেখেছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএলের ডিপিএম এবং গোবিন্দগঞ্জ-ছাতক সুরমা সেতু পর্যন্ত দুই লেনের কাজের সাইট প্রকৌশলী সজল হাওলাদার বলেন, সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ব্লক তৈরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যে সিঙ্গেল ধরা আছে, সেই সিঙ্গেল দিয়েই কাজ করা হচ্ছে। পাথরগুলো নিয়মিত পানি দিয়ে ধুয়ে তারপর কাজে ব্যবহার করা হচ্ছে।
অন্যদিকে ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাত হোসেন বলেন, ভোলাগঞ্জের কোয়ারি বন্ধ রয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে সাদা পাথর পাওয়া যাচ্ছে না। এ কারণে শারফিনের পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে। রাতে পাথর আনা হলে পরদিন সকালে তা ধুয়ে ব্লক তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। শতভাগ না হলেও ৯৫ শতাংশ কাজ ভালো হচ্ছে বলে দাবি করেন তিনি।




