যোগাযোগে মেগা পথে সরকার
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৬:১৬:৩১ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্পের দিকে এগোচ্ছে বর্তমান সরকার। রাজধানীর গণপরিবহনব্যবস্থায় মেট্রোরেল সম্প্রসারণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু এবং শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি রেল যোগাযোগের সক্ষমতা বাড়াতে নতুন লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচ কেনার উদ্যোগও রয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়নে বিদেশি অর্থায়নের পথ খুঁজছে সরকার। ইতোমধ্যে ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প রুট বা বাইপাস গড়ে তোলার পরিকল্পনায় প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যরে মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চাওয়া হয়েছে। অন্যদিকে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির অবস্থান, নকশা ও ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
সরকারের এসব উদ্যোগে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন নতুন করে গুরুত্ব পাচ্ছে। তবে বড় প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন, বাস্তবায়নকাল এবং ব্যয় নিয়ন্ত্রণের বিষয়গুলোও সামনে আসছে।
রেল খাতে বিদেশি অর্থায়নের চেষ্টা : রাজধানীর গণপরিবহনব্যবস্থার উন্নয়নেও বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। ঢাকা এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুটের জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অর্থায়ন চাওয়া হয়েছে। একই সঙ্গে মতলব উত্তর-গজারিয়া সেতু এবং ২৬০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ কেনার প্রস্তাবও দেশটির কাছে দেওয়া হয়েছে।
২০২৩ থেকে ২০২৭ মেয়াদে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের ৩০০ কোটি ডলারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) কাঠামোগত চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় প্রকল্পগুলোতে অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রামীণ-নগর অবকাঠামোতেও নজর : বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ও নগর অবকাঠামো উন্নয়নেও অর্থ বরাদ্দ দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকের সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যরে সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনী রয়েছে। এর সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭ কোটি ৭৬ লাখ টাকা। আগে দ্বিতীয় সংশোধনীতে এ ব্যয় ছিল ৬ হাজার ৫৪৪ কোটি ৪১ লাখ টাকা।
সময়মতো বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ : যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকারের পরিকল্পনায় একদিকে নতুন সেতু, মেট্রোরেল ও রেলকোচ যুক্ত হচ্ছে, অন্যদিকে গ্রামীণ সড়ক ও সেতু-কালভার্ট নির্মাণেও বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ, পণ্য পরিবহন এবং অর্থনৈতিক কর্মকা-ে নতুন সুযোগ তৈরি হতে পারে।
তবে প্রকল্প ঘোষণার পাশাপাশি অর্থায়ন নিশ্চিত করা, সম্ভাব্যতা সমীক্ষা শেষ করা, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশি ঋণনির্ভর প্রকল্পে ঋণের শর্ত, সুদের হার ও পরিশোধের সক্ষমতা বিবেচনা করতে হবে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতা নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকারের সামনে এখন বড় কাজ হলো পরিকল্পনাধীন প্রকল্পগুলোকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যাওয়া এবং চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময় ও ব্যয়ের মধ্যে শেষ করা।





