শ্রমিক অসন্তোষে ১৪৭ কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৬:১৮:০১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান। সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
ব্রিফিংয়ে মাহমুদ হাসান বলেন, কারখানার অভ্যন্তরে কিছু বিপথগামী শ্রমিক বাইরের অপমহলের উসকানি ও পরিচালনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা নিজেরা কাজ না করে অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ তৈরি করছে। এমনকি কারখানা থেকে বের হয়ে দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে সেখানকার শ্রমিকদেরও বাইরে বের করে আনছে। এর ফলে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে এবং বাকি ৯২টি কারখানা চালুর চেষ্টা করেও উৎপাদন পরিচালনা করতে পারেনি। এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান জানান, কারখানায় ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ ও অরাজক পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সভায় অংশগ্রহণকারী প্রায় দেড় হাজার সদস্য প্রশ্ন তুলেছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে মালিকপক্ষ আগামী ১৬ নভেম্বরের সভায় অংশ নেবে এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনই তাদের প্রস্তাব জমা দেবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। তবে এরপরেও যদি বিশৃঙ্খলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে মালিকপক্ষ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে কবে থেকে এই নতুন মজুরি কার্যকর হবে। তা সত্ত্বেও অরাজক পরিস্থিতি তৈরি করে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণা করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে।




