জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:০৮:০৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রস্তুতি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
গত ৯ ও ১০ নভেম্বর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD), আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC) এবং বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO)- -এর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেন তিনি।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে অতিরিক্ত সময়কে দেশের অর্থনীতি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধিতে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।
বৈঠকগুলোতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় অংশ নেন UNCTAD-এর উপমহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব পেদ্রো ম্যানুয়েল মোরেনো, ITC-এর ডিভিশন অব কান্ট্রি প্রোগ্রামসের পরিচালক এসকিপিওন অলিভেইরা-গোমেজ এবং WIPO-এর পেটেন্টস অ্যান্ড টেকনোলজি সেক্টরের উপমহাপরিচালক লরা পিটার।
বৈঠকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও সহযোগিতাকে বাংলাদেশের জন্য কার্যকর উদ্যোগ, নতুন বিনিয়োগের সুযোগ এবং দৃশ্যমান অর্থনৈতিক সুফলে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকগুলো আয়োজন ও সমন্বয়ে সহযোগিতার জন্য জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।




