ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:০৩:৫৩ অপরাহ্ন
টেরই পাচ্ছেন না প্রতি ১০ জনে ৪ জন!
জালালাবাদ রিপোর্ট : বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত ২০ থেকে ৭৯ বছর বয়সীদের প্রতি ১০ জনের মধ্যে প্রায় চারজনই জানেন না যে তারা এ রোগে ভুগছেন। এতে রোগ নির্ণয়ে বিলম্ব এবং চিকিৎসা শুরুর আগেই গুরুতর জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি বাড়ছে।
ডায়াবেটিসবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ (২০২৫) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অনুমিত সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি। যা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ। ডায়াবেটিসের রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ সপ্তম।
রোগ নির্ণয়ে বিলম্বের পরিণতিও ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, নতুন করে টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হওয়া রোগীদের ৫২ দশমিক ৭ শতাংশের শরীরে রোগ শনাক্তের সময়ই ডায়াবেটিসজনিত অন্তত একটি জটিলতা ছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টাইপ-২ ডায়াবেটিসে অনেক সময় তেমন কোনো লক্ষণ দেখা যায় না। ফলে বছরের পর বছর রোগটি শনাক্ত না-ও হতে পারে। অনেক রোগী হৃদ্রোগে আক্রান্ত হওয়া, স্ট্রোক, কিডনির জটিলতা কিংবা দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেওয়ার পরই জানতে পারেন, তারা ডায়াবেটিসে ভুগছেন।
ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধে নিয়মিত পরীক্ষা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে ঝুঁকি মূল্যায়নের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল ১৪ নভেম্বর পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপ’। এতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত, সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ডায়াবেটিস নিয়ে সামাজিক নেতিবাচক ধারণা ও কুসংস্কার দূর করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশের বেশি মানুষ জানেন না যে তারা এ রোগে ভুগছেন। টাইপ-১ ডায়াবেটিস সাধারণত দ্রুত প্রকাশ পেলেও টাইপ-২ ডায়াবেটিস ধীরে ধীরে বৃদ্ধি হয় এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ দেখা যায় না।
রোগ শনাক্তের আগেই নানা জটিলতা :
বারডেম হাসপাতালে পরিচালিত ‘ফ্রিকোয়েন্সি অব মাইক্রোভাসকুলার অ্যান্ড ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশনস অ্যামং নিউলি ডিটেক্টেড টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস পেশেন্টস অ্যাটেন্ডিং ইন আ টারশিয়ারি কেয়ার হসপিটাল’ শীর্ষক গবেষণায় নতুন করে ডায়াবেটিস শনাক্ত হওয়া ৩১১ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়।
গবেষণায় দেখা গেছে, ১৬৪ জন বা ৫২ দশমিক ৭ শতাংশ রোগীর শরীরে ডায়াবেটিসজনিত অন্তত একটি জটিলতা আগে থেকেই ছিল। তাদের মধ্যে ৪০ দশমিক ২ শতাংশের ক্ষুদ্র রক্তনালিসংক্রান্ত (মাইক্রোভাসকুলার) জটিলতা, ৭ দশমিক ৭ শতাংশের বৃহৎ রক্তনালিসংক্রান্ত (ম্যাক্রোভাসকুলার) জটিলতা এবং ৪ দশমিক ৮ শতাংশের উভয় ধরনের জটিলতা ছিল।
সবচেয়ে বেশি দেখা গেছে ডায়াবেটিসজনিত স্নায়ুরোগ বা নিউরোপ্যাথি, যা ২০ দশমিক ৬ শতাংশ রোগীর মধ্যে পাওয়া গেছে। এ ছাড়া ১৬ দশমিক ৪ শতাংশের কিডনির জটিলতা (নেফ্রোপ্যাথি) এবং ৮ দশমিক ০৩ শতাংশের চোখের রেটিনার জটিলতা (রেটিনোপ্যাথি) শনাক্ত হয়েছে।
বৃহৎ রক্তনালিসংক্রান্ত জটিলতাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে করোনারি আর্টারি ডিজিজ বা হৃদ্যন্ত্রের ধমনির রোগ, যা ৬ দশমিক ৪ শতাংশ রোগীর মধ্যে শনাক্ত হয়েছে।
অ্যাপের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়ন :
লক্ষণ প্রকাশের আগেই ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) তাদের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের (সিজিএইচআর) মাধ্যমে গত আড়াই বছর ধরে কমিউনিটি পর্যায়ে ‘ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর’ (ডিআরসি) অ্যাপ ব্যবহার করছে।
এ অ্যাপের মাধ্যমে প্রায় ২৫ হাজার মানুষের ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। তাদের মধ্যে ৫০ দশমিক ৩৭ শতাংশের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি, ৪১ দশমিক ৯৬ শতাংশের মাঝারি ঝুঁকি এবং মাত্র ৬ দশমিক ২০ শতাংশের কম ঝুঁকি পাওয়া গেছে।
বাডাসের সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের প্রকল্প পরিচালক ও ডায়াবেটোলজির অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক টিবিএসকে বলেন, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা অনেক মানুষ নিজেদের সুস্থ মনে করেন, যদিও তাদের শরীরে নীরবে রোগটি বিকশিত হতে থাকে।
তিনি বলেন, ডায়াবেটিসের লক্ষণ প্রকাশের আগেই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শনাক্ত করা অত্যন্ত জরুরী। কারণ ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে তাদের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং কাদের আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, তা নির্ধারণ করা সম্ভব।




