কাতার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পেলেন বড়লেখার আফরোজা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:০৮:৫৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: কাতারের স্বনামধন্য কাতার বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিষয়ে স্নাতক সম্পন্ন করে অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গোল্ড মেডেল অর্জন করেছেন মৌলভীবাজারের বড়লেখার হারিপুর গ্রামের কাতার প্রবাসী আব্দুন নুরের জ্যেষ্ঠ মেয়ে আফরোজা বিনতে নুর খাদিজা। সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডিনস লিস্টেও। তার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের মুখ।
মেধাবী শিক্ষার্থী আফরোজা বিনতে নুর ২০২৬ সালে কাতার বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ফার্মাসির ভারপ্রাপ্ত ডিন (অ্যাক্টিং ডিন) অধ্যাপক আব্দেল আলী এগুনি আনুষ্ঠানিকভাবে তাকে গোল্ড মেডেল ও সনদ প্রদান করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছর তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ফার্মেসি (ফার্মডি) প্রোগ্রামে ভর্তির পরিকল্পনা করছেন। এর মাধ্যমে ফার্মাসি শিক্ষায় আরও উচ্চতর ডিগ্রি অর্জনে এগিয়ে যাবেন আফরোজা বিনতে নুর খাদিজা।
বিদেশের মাটিতে এমন সাফল্য অর্জনে আফরোজার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তার এ অর্জন বড়লেখার পাশাপাশি দেশের জন্যও গৌরবের। পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন আরো কৃতিত্বপূর্ণ, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য অর্জনে সবার কাছে দোয়া চেয়েছেন আফরোজার বাবা কাতার প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুন নুর।




