বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:৫৪:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মো. সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার দাউদপুর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সমির হবিগঞ্জের বানিয়াচং থানার আমির খনি গ্রামের জহির মিয়ার ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসআরবি-৯ সিলেট সূত্র জানিয়েছে, ভুক্তভোগী শিশুটি পরিবারের সঙ্গে মোংলা বন্দর এলাকার মাধবী আবাসিক এলাকায় বসবাস করে। প্রতিবেশী হওয়ায় সমিরের পরিবারের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। শিশুটি প্রায়ই সমিরের দুই বছর বয়সী মেয়ের সঙ্গে খেলতে তাদের বাসায় যেত। গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি খেলতে সমিরের বাসায় গেলে তার স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাসায় ফিরে মাকে বিষয়টি জানায়। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মোংলা বন্দর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন।
এসআরবি-৯ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর এলাকা থেকে সমিরকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





